kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠীবর দত্ত প্রণীত আদি পদ্মপুরাণ


কালচিত্র | প্রফেসর নন্দলাল শর্মা প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ১০:০৯ এএম ষষ্ঠীবর দত্ত প্রণীত আদি পদ্মপুরাণ

ষষ্ঠীবর দত্ত প্রণীত আদি পদ্মপুরাণ

প্রফেসর নন্দলাল শর্মা

 

মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি প্রধান শাখা মঙ্গলকাব্য। ‍‍`প্রাচীন বাঙ্গালা সাহিত্যের প্রাঞ্জল ইতিহাস‍‍` (১৯৫৭) গ্রন্থে অধ্যাপক শ্রী দেবেন্দ্র কুমার ঘোষ লিখেছেন, ‍‍`ঈশ্বর-প্রীতি-লাভের নিমিত্ত ভক্ত তাহার চরিত্রের পবিত্রতা, হৃদয়ের নির্মলতা, চিন্তার বিশুদ্ধতা, কর্মের সততা ও মনের সংযম প্রভৃতি কঠোর সাধনায় প্রবৃত্ত হয়। ভক্তের এইরূপ দুশ্চর ধর্মসাধনা ও তাহার প্রতি দেবতার অপার কৃপার কথা লইয়া সুপ্রাচীন বঙ্গীয় সমাজে নানাবিধ কাহিনী সম্ভবতঃ রচিত হয়। এইরূপ কাহিনীমূলক কাব্য জনসমাজে ‍‍`মঙ্গলকাব্য‍‍` নামে পরিচিত।‍‍` (পৃ.৭৪) চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ধর্মমঙ্গল, শিবমঙ্গল, কালিকামঙ্গল, গঙ্গামঙ্গল, ষষ্ঠীমঙ্গল, রায়মঙ্গল, সূর্যমঙ্গল, অন্নদামঙ্গল প্রভৃতি বিভিন্ন মঙ্গলকাব্য মধ্যযুগে রচিত হয়েছে। মঙ্গলকাব্যের মধ্যে সবচেয়ে প্রাচীন ও প্রচারবহুল হচ্ছে মনসামঙ্গল। উভয় বাংলার প্রায় সর্বত্র, আসাম ও ত্রিপুরায় মনসামঙ্গল কাব্যের প্রাচীন পুথি এখনও পাওয়া যায়।

 

পঞ্চদশ শতাব্দীর শেষভাগে রচিত বিজয়গুপ্তের মনসামঙ্গল সবচেয়ে প্রাচীন। তিনি তাঁর গ্রন্থে পূর্ববর্তী মনসামঙ্গল রচয়িতা কানা হরিদত্তের নাম উল্লেখ করে লিখেছেন-

মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য।

প্রথমে রচিল গীত কানা হরিদত্ত।।

হরিদত্তের যত গীত লুপ্ত হইল কালে।

 

এই কবির কোনো গ্রন্থের পাণ্ডুলিপি পাওয়া যায়নি। তাই বিজয়গুপ্তকেই মনসামঙ্গলের প্রাচীনতম কবি বলে বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান দেয়া হয়েছে।

 

সিলেট অঞ্চলে অনেক কবি মনসামঙ্গল রচনা করলেও তিনজন কবির গ্রন্থ সাহিত্যরসে সমৃদ্ধ বলে জনপ্রিয়তা লাভ করে। তাঁদের মধ্যে প্রাচীনতম হলেন রাজনগর উপজেলার ষষ্ঠীবর দত্ত। অপর দুইজন কবি হলেন চুনারুঘাটের জানকীনাথ এবং বরমচালের (কুলাউড়া উপজেলা) রাধানাথ রায় চৌধুরী। বিশ শতকের ষাটের দশকে এই তিন জন কবির মুদ্রিত কাব্য পাঠ হতে আমি দেখেছি। তখন বিশেষ করে শ্রাবণ মাসে অথবা যেকোনো পঞ্চমী বা সোমবারে মনসাপূজা উপলক্ষ্যে মনসামঙ্গল (স্থানীয় নাম পদ্মপুরাণ, আসলে পদ্মাপুরাণ হবে) পঠিত হতো।

 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অধিকাংশ গ্রন্থের মালিক দেশত্যাগ করে শরণার্থী হন। ১৯৭২ সালে তারা দেশে প্রত্যাবর্তন করলেও এই গ্রন্থের কোনো কপি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। মুদ্রিত মনসামঙ্গল কাব্যের ভাষা অনেকটা আধুনিক হয়ে গেছে। এ কথা ‍‍`বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস‍‍` গ্রন্থে ড. আশুতোষ ভট্টাচার্য উল্লেখ করেছেন। তাঁর গ্রন্থেও ষষ্ঠীবর দত্তের বিস্তারিত তথ্য পাওয়া যায় না।

 

সম্প্রতি কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের বাংলা সাহিত্যের প্রভাষক শ্রীমান দীপংকর শীল তাঁর প্রতিবেশী লক্ষ্মণ দেবনাথ মহোদয়ের কাছ থেকে ষষ্ঠীবর দত্তের পদ্মপুরাণের একটি পাণ্ডুলিপি সংগ্রহ করেন। পাণ্ডুলিপিটি ১৯৭০ সালে শ্রী দেবনাথ মহোদয় তাঁর মামার বাড়ি থেকে (সেটিও কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামে) সংগ্রহ করেন। পাণ্ডুলিপিটি লাভের পর তিনি আমাকে জানান। আমি তাঁকে আরও অনুসন্ধান করতে বলি। পরে তিনি আরো দুটি পাণ্ডুলিপি পেয়েছেন। একটি লক্ষ্মণ দেবনাথই সংগ্রহ করে দেন, অপরটি সিলেট শহরের নিকটবর্তী সিলাম গ্রাম থেকে সংগ্রহ করেন। পরে প্রাপ্ত দুটি পুথির কাগজ ও বানান আধুনিক বলে এ দুটি সঙ্গত কারণেই আলোচনায় আনেননি। ষাটের দশকে আমার দেখা মুদ্রিত ষষ্ঠীবর দত্তের মনসামঙ্গলের ভাষাও অনেকটা সমকালীন ছিল অর্থাৎ যষ্ঠীবর দত্তের ভাষা থেকে অনেকটা দূরে। লিপিকার বা মুদ্রাকর সহজবোধ্য করার জন্য মূল ভাষাকে সমকালীন ভাষায় রূপান্তর করেছেন। এটি জনপ্রিয়তার কারণ হলেও গবেষণার জন্য ব্যবহার উপযোগী নয়।

 

বিশ শতকের চল্লিশের দশকে শ্রীহট্ট সাহিত্য পরিষৎ পত্রিকায় যষ্ঠীবর দত্ত সম্পর্কে দুটি প্রবন্ধ প্রকাশিত হয়। এগুলো হচ্ছে- কৃষ্ণবিহারী রায় চৌধুরীর ‍‍`পদ্মপুরাণ‍‍`, মাঘ ১৩৪৫ ও বৈশাখ ১৩৪৬), পণ্ডিত মথুরানাথ চৌধুরী কাব্যবিনোদ এর ‍‍`কবি ষষ্ঠীবর দত্ত ও মনসামঙ্গল‍‍` (শ্রাবণ ১৩৪৬)। ষষ্ঠীবর দত্ত সম্পর্কে এর বাইরে নরেন্দ্র কুমার গুপ্ত চেধুরীর ‍‍`শ্রীহট্ট প্রতিভা‍‍` (১৯১৬) গ্রন্থে যষ্ঠীবর দত্ত সম্পর্কে আলোচনা আছে।

 

১৩৩২ এবং ১৩৪৩ বঙ্গাব্দে সিলেট থেকে যষ্ঠীবর দত্তের পদ্মপুরাণ মুদ্রিত হয়ে প্রকাশিত হয়। এ গ্রন্থগুলো সংগ্রহ করার চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি। দীপংকর শীলও এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। তবে তিনি হয়তো একদা বইগুলো পেয়ে যাবেন।

 

ষষ্ঠীবর দত্তের যে পাণ্ডুলিপিটি শ্রী লক্ষ্মণ দেবনাথের কাছ থেকে দীপংকর শীল সংগ্রহ করেন, সেটি সম্প্রতি (সেপ্টেম্বর ২০২৬) গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। মূল গ্রন্থটির বানান ও ভাষা অপরিবর্তিত রেখে দীপংকর যথার্থ গবেষকের কাজ করেছেন। তাতে গ্রন্থটি পাঠে পাঠক হোচট খেলেও ইতিহাসের মর্যাদা রক্ষিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত ষষ্ঠীবর দত্তের পাণ্ডুলিপিটির ডিজিটাইজড কপি তিনি সংগ্রহ করেছেন। তাঁর প্রাপ্ত পাণ্ডুলিপিতে ১, ২, ৬৩, ৬৪ ও ৭২ নং পাতা ছিল না। এগুলো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাণ্ডুলিপি থেকে এনে সংযোজন করেছেন।

 

মনসামঙ্গল বা পদ্মপুরাণের দুটি খণ্ড- দেবখণ্ড ও বানিয়া খণ্ড। বানিয়া খণ্ডই মূল গ্রন্থ। দীপংকর যে পাণ্ডুলিপি সংগ্রহ করেছেন তাতে শুধু বানিয়া খণ্ড আছে। কাজেই ষষ্ঠীবর দত্তের পদ্মপুরাণের মূল অংশ সংগৃহীত ও প্রকাশিত হলো। এই পাণ্ডুলিপি আবিষ্কার, সম্পাদনা ও প্রকাশ করে দীপংকর শীল বাংলা সাহিত্যের ইতিহাসের একটি অংশ হয়ে দাঁড়ালেন।

 

বাংলা ভাষা ও সাহিত্যের কৃতী ছাত্র ও শিক্ষক শ্রীমান দীপংকর শীল গ্রন্থটি সম্পাদনায় পরিশ্রম ও সুমিতির সাক্ষর রেখেছেন। গ্রন্থের ভূমিকাটির পরিকল্পনা সুন্দর ও যথার্থ হয়েছে। সাধারণ আলোচনা ও পরিচিতি প্রদানের পর সম্পাদক কাব্যের রচনাকাল সম্পর্কে আলোচনা করে পূর্বসূরিদের মতামত বিশ্লেষণপূর্বক কবির আবির্ভাবকাল ১৬০০ থেকে ১৬১০ খ্রিষ্টাব্দ (সপ্তদশ শতাব্দী) বলে যথার্থই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এরপর আলোচনা করেছেন পুথির পরিচয়, পুথির লিপিকাল, লিপিগত বৈশিষ্ট্য, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, ধ্বনিতত্ত্ব, ষষ্ঠীবরী ভাষা কি লোকভাষা? এবং নন্দনতত্ত্ব (রস, শব্দালঙ্কার, অর্থালঙ্কার)। ষষ্ঠীবর দত্তের পদ্মপুরাণ মধ্যযুগের ভাষা, সাহিত্য, সমাজ ও সংস্কৃতির এক অপরিহার্য অঙ্গ। কবি সম্পর্কে এ বিষয়ক আলোচনা বিশ্লেষণ ও গবেষণাধর্মী। মধ্যযুগের সাহিত্য সম্পর্কে শেষ কথা বলে কিছু নেই। এরপর হয়তো দীপংকর শীল বা অন্য কোনো গবেষক প্রাচীন পাণ্ডুলিপি আবিষ্কার করবেন এবং আলোচনার সূত্রধরে নতুন নতুন তথ্য আমাদের উপহার দিবেন। একটি অনুসন্ধানী ও বিশ্লেষণাত্মক পরিশ্রমী গ্রন্থ উপহার দিয়ে সম্পাদক বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। মঙ্গলকাব্য চর্চার ইতিহাসে গ্রন্থটি মাইলফলক বলে বিবেচিত হবে।

 

এসব গ্রন্থের মূল্যায়ন সমকালে হয় না (কথাটি আমার নয়, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রয়াত ড. মনিরুজ্জামান স্যারের), তবে একদিন গবেষকদের কাছে গ্রন্থটি উপাদেয় বলে বিবেচিত হবে। গ্রন্থটি দেখে যেতে পারলে খুশি হতেন প্রাচ্য বিদ্যার্ণব অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য এবং ড. মনিরুজ্জামান স্যার। আমার বিশ্বাস গ্রন্থটি উত্তরকালে গবেষকদের কাছে সমাদৃত হবে। শ্রীমান দীপংকর শীল গ্রন্থটি সম্পাদনা করে বাংলা মঙ্গল সাহিত্য গবেষণায় একটি নতুন দিক উন্মোচন করলেন। গ্রন্থটির বহুল প্রচার কামনা করি এবং এই শ্রমসাধ্য কাজ ধৈর্যের সাথে সম্পন্ন করার জন্য শ্রীমান দীপংকর শীলকে অভিনন্দিত করি।

Side banner